এলএনজি সরবরাহ নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার এমওইউ সই

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০০:৫৩

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) ভার্চুয়ালি স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়ান সরকারের পক্ষে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের (অর্থনীতি) মন্ত্রী মোস্তফা মোহাম্মদ এবং বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশের বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল মঙ্গলবার এই সমঝোতা স্মারকে সই করেন।

এই ভার্চুয়াল অনুষ্ঠানে উভয়ই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তারা এই সমঝোতা স্মারক স্বাক্ষরকে দুই পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু দেশের ৫০ বছরের দীর্ঘ কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই এমওইউ স্বাক্ষর দুই দেশের বিরজমান দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক/অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রকে আরো প্রশস্ত করবে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এই সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়ার পক্ষে পেট্রোনাস এলএনজি লিমিটেড এবং গ্লোবাল এলএনজি এসডিএন বিএইচডি এবং বাংলাদেশের পক্ষে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ করপোরেশন (পেট্রোবাংলা) এলএনজি সরবরাহ সংক্রান্ত দায়িত্ব নিয়োজিত থাকবে।

এই অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে পেট্রোবাংলার চেয়ারম্যান, পেট্রোনাসের প্রতিনিধি, বাংলাদেশের বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের অর্থনৈতিক পরিকল্পনা ইউনিটের প্রতিনিধিবৃন্দ এবং উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।