বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের করোনার টিকার জন্য নিবন্ধনের আবেদন জমা নিতে শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন দিয়ে জানায়, তারা এ সংক্রান্ত আবেদন গ্রহণ শুরু করেছে। বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা টিকা পাওয়ার দাবিতে সম্প্রতি বিক্ষোভ-প্রতিবাদ করছিল। এরকম প্রেক্ষাপটে মঙ্গলবার গণটিকা কার্যক্রম শুরু হওয়ার পর ছাত্র-ছাত্রীদের ব্যাপারে সিদ্ধান্ত এল। তবে শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে প্রথমে সরাসরি টিকার আবেদন করতে পারবেন না। এর আগে তাদের একটি আবেদন করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।
এক্ষেত্রে যারা টিকা নিতে চান তাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন:পাসপোর্ট, ভিসা, বৈদেশিক শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কনফারমেশন ডকুমেন্ট, ছাত্রত্ব প্রমাণের সনদ, স্টুডেন্ট আইডি ইত্যাদি স্ক্যান করে ২৭ জুলাইয়ের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইমেইল করতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইন বা ঠিকানা লেখার অংশে-Application for covid19 vaccination for students studying abroad (passport Number) লিখতে হবে। ইমেইল ঠিকানা- [email protected]
আবেদনকারীকে একটি গুগল ফরমও পূরণ করতে হবে। ফরমটি পাওয়া যাবে এই (https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9) লিংকে ক্লিক করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যদি আবেদন ঠিকঠাক থাকে এবং কোন তথ্য ভুল না হয়, তাহলে আবেদন করার তিন দিন পর সুরক্ষা পোর্টালে গিয়ে টিকার জন্য নিবন্ধন করা যাবে। এছাড়া এ নিয়ে বিস্তারিত তথ্যের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
