কিউবার বিক্ষোভকারীদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : বাইডেন

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০০:৫৫

কিউবায় সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। রবিবার শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এক সাংবাদিককেও আটক করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কিউবায় যারা স্বাধীনতা এবং করোনা মহামারি থেকে বাঁচার লড়াই করছে তাদেরকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। সোমবার প্রেসিডেন্ট বাইডেন এই কথা বলেন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ-প্রতিনিধি দিমিত্রি পুলিয়ানেস্কি বলেছেন, কিউবায় যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের প্রয়োজন নেই। কিউবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ দোকানপাট ও মার্কেটেও হামলা চালিয়েছে। এ ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হস্তক্ষেপমূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, বিক্ষোভের অধিকার রয়েছে এবং এই অধিকারের প্রতি সমর্থন জানায় ওয়াশিংটন। এরপর কিউবার প্রেসিডেন্ট মিগুয়াল দিয়াজ কানেল বলেন, যারা বিক্ষোভে অংশ নিচ্ছে তাদেরকে অর্থ দিচ্ছে আমেরিকা। বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা অর্থ পাচ্ছে। -সিএনএন ও পার্স টুডে