কুমিল্লায় একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২০:৩৫

কুমিল্লায় মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল থেকে বুধবার (১৪ জুলাই) বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এসময়ে জেলায় করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুধবার বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৫ জন, আদর্শ সদর উপজেলায় ৩ জন, লাকসামে ২ জন, মুরাদনগরে ৩ জন এবং বুড়িচং, চান্দিনা ও দাউদকান্দিতে ১ জন করে রয়েছেন। নতুন করে ১৬ জনসহ জেলায় সব মিলিয়ে করোনায় মোট ৫৬২ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ায় করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

এদিকে বুধবার বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪০ দশমিক ৯। নতুন শনাক্ত হওয়া ৪৪৩ জনের মধ্যে ১৭৬ জন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। অন্যরা জেলার ১৭টি উপজেলার। উপজেলা পর্যায়ে জেলার চান্দিনায় সর্বোচ্চ ৩৫ জন শনাক্ত হয়েছেন।  এ নিয়ে জেলায় মোট ১৮ হাজার ৯৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ১২ হাজার ৬৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বুধবার সন্ধ্যায় কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, ‘বর্তমানে করোনার যে ধরন (ভেরিয়েন্ট), সেটি আগের চেয়ে দ্রুত আর বেশি মানুষকে আক্রান্ত করছে। যে কারণে বর্তমানে শনাক্তের সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। জনগণকে সচেতন করার জন্য স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জেলা ও পুলিশ প্রশাসনসহ র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনী কাজ করে যাচ্ছে।’

ইত্তেফাক/এএএম