একপেশে ভালোবাসার গল্প

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২০:৪৭

আনন্দ বিনোদন প্রতিবেদক

ভিকি আর শায়না কাজিন; পাশাপাশি দু’জনের বাড়ি। ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয় তারা। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া ভিকি খুব সাদামাটা থাকতেই পছন্দ করে, তবে সময়ের সঙ্গে সঙ্গে শায়না হয়ে ওঠে আলট্রা মডার্ন। এদিকে ভিকি সেই ছোট থেকেই শায়নার প্রেমে হাবুডুবু খেতে খেতেই বড় হয়; তবে মুখখুলে কখনোই বলার সাহস পায় না— এমনই এক একপেশে প্রেমের গল্প নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘ওয়ান সাইডেড লাভ’। মাহমুদ মাহিনের পরিচালনায় এই নাটকে ভিকি চরিত্রে অভিনয় করেন জোভান আর শায়না চরিত্রে কেয়া পায়েল। নির্মাতার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সৌরভ ইশতিয়াক। নাটকে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘একটি নিঃস্বার্থ প্রেমের গল্প এই নাটকে উপস্থাপন করা হয়েছে। সুন্দর এই গল্পের নাটকে আমি অভিনয় করে আনন্দিত। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’ কেয়া পায়েল বলেন, ‘এর গল্পটা অনেক সুন্দর। এখানে আমার চরিত্রটি বেশ মজার। সব মিলিয়ে আমার ভালো লেগেছে এতে অভিনয় করতে পেরে।’ নাটকটি প্রসঙ্গে পরিচালক মাহমুদ মাহিন  বলেন, ‘অন্যরকম এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প এটি। সত্যিকারের ভালোবাসার একটা অসাধারণ ব্যাখ্যা রয়েছে এই নাটকটিতে। আশা করছি নাটকটি দর্শকরা উপভোগ করবেন।’ ঈদের আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘ওয়ান সাইডেড লাভ’ নাটকটি।