বর্ষায় ‘কৃষকের ঈদ আনন্দ’

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২০:৫০

 বিনোদন রিপোর্ট

 

ঈদে টেলিভিশনের জনপ্রিয় আয়োজন শাইখ সিরাজের উপস্থাপনা ও নির্মাণে ফারমার্স গেইম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। একদিকে করোনা মহামারি, অন্যদিকে নানা দুর্যোগের ভেতরেই কৃষকের সুখ-দুঃখ খুঁজে নির্মিত হয়েছে ‘কৃষকের ঈদ আনন্দ’। এবার কৃষকের ঈদ আনন্দের মূল প্রতিপাদ্য বর্ষা। কৃষকের ঈদ আনন্দ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে।

কৃষকরে ঈদ আনন্দে এবার বিভিন্ন সময়ে বর্ষার ভেতরে যেসব খেলার আয়োজন করা হয়, তা সংকলিতভাবে তুলে ধরা হবে। একইসঙ্গে থাকছে, পৃথিবীর অনন্য কৃষি ঐতিহ্য দেশের দক্ষিণের ভাসমান চাষের গল্প, শাপলা সংগ্রহ ও শাপলা কেন্দ্রিক জীবনধারনের গল্প, নদী ভাঙনের দুঃখ গাঁথা ও নৌকা বাইচ। এছাড়া থাকছে বর্ষায় ঝলকাঠির ভিমরুলির ভাসমান পেয়ারার বাজারের গল্প। এর সঙ্গে এবার নতুন আয়োজন হিসেবে যুক্ত হয়েছে খড়মের গল্প এবং তরুণ ও বৃদ্ধদের মাঝে খড়ম পায়ে দৌড় প্রতিযোগিতা। অনুষ্ঠানের মাঝে থাকছে বর্ষার গান।