‘হেলেন’ দিয়ে ফিরছেন জাহ্নবি

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২০:৫১

 বিনোদন ডেস্ক

 

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের হাতে রয়েছে ‘দোস্তানা টু’, গুডলাক জেরি’, তামিল রিমেক ‘কোলামাভু কোকিলা’ ও সুপারহিট মালায়লাম ‘হেলেন’-এর রিমেকে কাজ। শুটিংয়ের অনুমতি মিলতেই অন্যান্য তারকাদের মতো তিনিও শুটিংয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন। গত জুন থেকে ‘হেলেন’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথাও বলেছিলেন তিনি। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হয়নি। তবে এবার সব প্রতীক্ষার অবসান ঘটছে। আগামী মাস থেকে শুটিংফ্লোরে গড়াচ্ছে সিনেমাটি। জানা গেছে, সিনেমাটির গল্পের সঙ্গে মিল রেখে বাস্তব লোকেশন দরকার। কিন্তু করোনার কারণে সেগুলো পেতে বিলম্ব হলেও ইনডোরের শুটিংগুলো শেষ করতে চাইছেন নির্মাতা। সেই অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছেন সিনেমাটির কলাকুশলীরা। এ নিয়ে জাহ্নবি বলেন, ‘সিনেমাটির শুটিং আরো আগে শুরুর কথা থাকলেও করোনা সেই সুযোগ দেয়নি। এখনো সব জায়গায় মুভ করার অনুমতি মেলেনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনডোরের শুটিং শেষ করতে। সুপারহিট এই সিনেমাটিতে অভিনয় অনেক চ্যালেঞ্জিং। কারণ দর্শকরা আগের সিনেমাটি থেকে ভিন্ন কিছু এই রিমেকে প্রত্যাশা করছেন। তাই কিছুতেই ছাড় দিতে চাই না। তাদের প্রত্যাশার দাম দিতে চাই।’

উল্লেখ্য, ‘হেলেন’ সিনেমাটির হিন্দি রিমেকের নাম হতে পারে ‘মিলি’।