‘ইউটিউব দর্শক বাড়লেও টিভির অবস্থান ঠিক থাকবে’

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২০:৫১

দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে বাংলাভিশন টিভির অনুষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করছেন তারেক আখন্দ। বরাবরই চেষ্টা করছেন অনুষ্ঠানে ভিন্নতা আনার। আসন্ন ঈদে বাংলাভিশনের অনুষ্ঠান পরিকল্পনা ও দেশের টিভি চ্যানেলের বিভিন্ন দিক নিয়ে তিনি কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন এ এম রুবেল

ঈদে বাংলাভিশন নতুন কী পরিবর্তন আনছে। যা চোখে পড়ার মতো?

প্রতিনিয়তই বাংলাভিশন উত্সব-আয়োজনে ভালো কিছু নাটক ও অনুষ্ঠান দেখানোর চেষ্টা করে। এবারো কম বিজ্ঞাপনে সর্বাধিক ৪৩টি একক নাটক প্রচার হবে। পাশাপাশি ধারাবাহিক নাটক ও টেলিফিল্ম তো থাকছেই। এছাড়া চাঁদ রাতে মমতাজকে নিয়ে ভিন্নধর্মী একটি অনুষ্ঠান প্রতিবারের মতো এবারো প্রচার হবে।

দীর্ঘদিন ধরে একই ফর্মেটে অনুষ্ঠান প্রচার করছে দেশের চ্যানেলগুলো। যে চর্চা শুধু আমাদের দেশেই দেখা যায়। এ ক্ষেত্রে বিশ্বের সঙ্গে তাল মেলাতে আপনারা ব্যর্থ কেন?

হ্যাঁ এটা সত্য, একটি ট্রেন্ড ভাঙা যেমন আমাদের দায়িত্ব তেমনি দর্শক চাহিদার কথা চিন্তা করাও আমাদের দায়িত্ব। তবে অন্য দেশের সঙ্গে তো আমাদের তুলনা করলে হবে না। কারণ কোনো দেশেই একটি উত্সবকে ঘিরে ৭-৮দিনব্যাপী অনুষ্ঠান থাকে না। অথচ আমাদের দেশে এই সময়ে ভালো কিছু কন্টেন্ট তৈরি হয়। এছাড়া দেশের বিনোদন চ্যানেলগুলো কিন্তু নাটক ও সংগীতের ওপর নির্ভরশীল। দর্শকরাও বিনোদন বলতে নাটক, সিনেমা, গানকে বোঝে। তারপরও আমরা লাইফ কনসার্ট, গেম শো, সেলিব্রেটি শো, কুকিং শো, ফান শো থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি। ফিকশন ঠিক রেখে পরিবর্তনের চেষ্টা কিন্তু চলছে।

ইউটিউব দর্শক বাড়ার সঙ্গে সঙ্গে টিভি দর্শক কমছে। চ্যানেলগুলোও ডিজিটাল কন্টেন্টের দিকে ঝুঁকছে। এতে টিভির ভবিষ্যত্ কোনদিকে যাচ্ছে?

ইউটিউব এবং টিভি চ্যানেল আলাদা দুটি প্লাটফর্ম। টিভির ভিউয়ার্স আর ইউটিউবের ভিউয়ার্সও আলাদা। সময়ের চাহিদায় মাধ্যম পরিবর্তন হবেই। যুগের সঙ্গে তাল মেলাতে টিভি চ্যানেলগুলোও তাদের নিয়মিত প্রোগ্রাম প্রচারের সঙ্গে ডিজিটালাইজেশনের পথে হাঁটবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি, ইউটিউব দর্শক বাড়লেও টিভির অবস্থান ঠিক থাকবে।

নাটক এখন নির্মাতা ও চ্যানেল কর্তৃপক্ষের হাতে নেই। এজেন্সি নির্ভরতা বাড়ায় মানহীন কাজ বেশি হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেন। আপনি কী বলবেন?

কাজ বেশি হলে মানহীন কিছু কাজ হবেই। আমাদের চ্যানেলে কিন্তু এই মানহীন সংখ্যা নেই বললেই চলে। কারণ আমরা নিজেরা বা আমাদের সহযোগী প্লাটফর্ম থেকে কাজগুলো মূল্যায়ন করে সংগ্রহ করি।

আপনারা প্রচলিত জনপ্রিয়দের নিয়ে কাজ করছেন। এক্ষেত্রে সিনিয়র শিল্পীদের অবমূল্যায়ন করা হচ্ছে। এটা কী বাণিজ্যিক স্বার্থে?

অন্য চ্যানেলে কথা তো বলতে পারবো না। আমাদের কাছে সবাই জনপ্রিয় এবং সিনিয়র-জুনিয়র সকল নির্মাতা-শিল্পীকে নিয়েই আমরা অনুষ্ঠান সাজাই। এককভাবে বা দু-একজনকে নিয়ে আমাদের কাজ করার প্রবণতা নেই।

বেশিরভাগ চ্যানেল কাজ না জানা তথাকথিত ‘জনপ্রিয়’ একজনকে উপস্থাপনার চেয়ারে বসিয়ে দিচ্ছে। এতে কাজের মানে প্রভাব ফেলছে বলে মনে করেন না?

হ্যাঁ, এমন কাজ হচ্ছে না, তা না। কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু এই চর্চা নেই। কারণ আমরা অডিশনের মাধ্যমে একজন উপস্থাপক নিয়ে থাকি। এরপর তাকে ধীরে ধীরে বড় অনুষ্ঠানে যুক্ত করি।