দুই যুগ পর সন্তানকে খুঁজে পেলেন বাবা

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২০:৫৮

দুই যুগ পর অপহূত সন্তানের খোঁজ পেলেন বাবা। এজন্য তাকে প্রায় ৫ লাখ কিলোমিটার পথ মোটরসাইকেলে করে পাড়ি দিতে হয়েছে। ঘটনাটি ঘটেছে চীনে। ছেলের বয়স যখন আড়াই বছর তখন পূর্ব শানডং প্রদেশ থেকে সে অপহূত হয়। আলজাজিরা

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, পাচারকারীরা ছেলেটিকে প্রথমে অপহরণ করে কেন্দ্রীয় চীনের একটি পরিবারের কাছে বিক্রি করে দেয়। কয়েক বছর ধরে সন্ধান করার পর পুলিশ ছেলেটির পিতা গুয়ুকে জানায়, কেন্দ্রীয় হেনান প্রদেশে বসবাস করা ২৬ বছর বয়সি এক শিক্ষক তার হারিয়ে যাওয়া সন্তান। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুলিশ বিষয়টি নিশ্চিত করে। জননিরাপত্তা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ছবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে দেখা যায়, বাবা এবং মা তাদের ফিরে পাওয়া সন্তানকে জড়িয়ে ধরে রেখেছেন। চীনের রাষ্ট্রীয় নিউজ সার্ভিসের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, গুয়ু কান্নাজড়িত কণ্ঠে বলছেন, ‘আমার সন্তানকে খুঁজে পেয়েছি এখন আমরা অনেক খুশি।’ ১৯৯৭ সালে সন্তান হারিয়ে যাওয়ার পর গুয়ু তার চাকরি ছেড়ে দেন। পরে সন্তানের খোঁজে একটি মোটরসাইকেলে ছেলের ছবি বেঁধে সারা দেশ ঘুরে বেড়ান। প্রায় ৫ লাখ কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে কখনো তাকে হাইওয়ে রাস্তার ডাকাতদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে কখনো সেতুর নিচে রাত যাপন করতে হয়েছে। যখন টাকা শেষ হয়েছে তখন তাকে ভিক্ষা করতে হয়েছে।