চীনের পূর্বাঞ্চলীয় শহর সুঝৌতে একটি আবাসিক হোটেল ধসের ঘটনায় ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা। সোমবার স্থানীয় সময় বিকালে উপকূলীয় শহরটির সিজি কাইউয়ান হোটেলের একটি অংশ ধসে পড়ে। বিবিসি
তল্লাশি অভিযানে ৩৬ ঘণ্টা পার করার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ২৩ জনকে বের করে আনেন, এদের মধ্যে ছয় জনকে জীবিত অবস্থায় পাওয়া যায়। দেশটির গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, হোটেলটির মালিক ভবনটির কাঠামো বদলে ফেলায় এ ধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। সাম্প্রতিক বছরগুলোতে ঐ ভবনে একের পর এক সংস্কার কাজ হয়েছে বলেও জানিয়েছেন অনেকে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ভবনটি তিন তলা থাকার কথা ছিল, কিন্তু কয়েক বছর ধরে সেখানে অতিরিক্ত তলা সংযুক্ত হয়েছে। জিয়াংসু প্রাদেশিক সরকার জানিয়েছে, এ ঘটনায় একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন। ঐদিন স্থানীয় সময় বিকাল ৩টা ৩৩ মিনিটে সুঝৌর সিজি কাইউয়ান হোটেলটি ধসে পড়ে। তারপর থেকে উদ্ধার কাজে প্রায় ৬০০ কর্মীকে মোতায়েন করা হয়। ধসের সময় হোটেলটির ৫৪টি কক্ষে ১৮ জন ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। ভেতরে অনিবন্ধিত আরো পাঁচ অতিথি থাকার কথা পরে জানা যায়। যে ছয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে পাঁচ জন আহত থাকলেও এখন তাদের অবস্থা স্থিতিশীল।
