আহাদুল ইসলাম শিমুল, ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টেস্ট শুরু হয়েছে। গত ২ জুলাই ‘ল্যাব টেকনিশিয়ানের অভাব ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধে ভোগান্তি’ শিরোনামে দৈনিক ইত্তেফাকে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ৪ জুলাই ভাণ্ডারিয়া, ইন্দুরকানী ও কাউখালী উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির জরুরি সভার আয়োজন করেন। সভায় তিনি ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সবাইকে দ্রুত হাসপাতালটির আবাসিক চিকিত্সাব্যবস্থা চালুর জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া অনতিবিলম্বে করোনার টেস্ট চালুর জন্য বলেন তিনি। করোনা রোগীদের জরুরি স্বাস্থ্যসেবা দিতে হাসপাতালে সরঞ্জাম ক্রয়ের জন্য সরকারের পাশপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগও নেন।
তারপর থেকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন র্যাপিড টেস্ট চালু করে স্বাস্থ্য বিভাগ। ফলে গত চার দিন ধরে নিয়মিত টেস্ট করা হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিরা করোনার নমুনা দিয়ে সল্প সময়ের মধ্যে টেস্টের রিপোর্ট পেয়ে যাচ্ছেন। হাসপাতালের বহির্বিভাগে করোনা পজিটিভ রোগীদের চিকিত্সাপত্র দেওয়া হচ্ছে। এখানে করোনার টেস্ট করাতে আগত রোগীরা খুুব সুন্দর সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন। তারা এর জন্য স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুকে ধন্যবাদও দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আমিন উল ইসলাম বলেন, ‘এতদিন এই হাসপাতালে অ্যান্টিজেন র্যাপিড টেস্ট করার ব্যবস্থা ছিল না। ব্র্যাকের একজন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে আমরা টেস্ট চালু করেছি। এখানে একজন সরকারি ল্যাব টেকনিশিয়ান খুব প্রয়োজন। গত চার দিন ধরে আমার এ ধরনের টেস্ট করা শুরু করেছি। প্রতিদিন দুপুর ১২টা থেকো ১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হচ্ছে। যাদের পজিটিভ আসছে, তাদের আমরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিচ্ছি। এক্ষেত্রে আমাদের স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করছেন। করোনা টেস্টের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মঙ্গলবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এখানে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। গত দুই দিনে প্রায় ৪০০ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
