আটোয়ারীর ফকিরগঞ্জ বাজার কাদা-পানিতে একাকার

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:২৪

পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা

প্রথম দর্শনে মনে হবে এটি একটি পুকুর বা ডোবা। কিন্তু না এটি শত বছরের পুরোনো একটি বাজারের চিত্র। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ফকিরগঞ্জ বাজার এটি। সামান্য বৃষ্টি হলেই গোটা বাজার জুড়ে শুরু হয় জলাবদ্ধতা। শুধু তাই নয়, বাজারের বুক চিরে যাওয়া পঞ্চগড়-আটোয়ারী ব্যস্ততম সড়কটিও খানাখন্দে বেহাল। সরজমিনে দেখা গেছে, উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ এ বাজারে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। অনেক দোকানে পানি উঠে যায়। পানি নিষ্কাশনের নালা ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় কাদা-পানি ও ময়লা-আবর্জনায় একাকার হয়ে গেছে গোটা বাজার। স্থানীয়রা জানান, সড়কের উভয় পাশে ব্যবসাপ্রতিষ্ঠান মাটি ভরাট করে গড়ে ওঠায় সড়কটি নিচু হয়ে গেছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় পানি জমেছে সড়কে। স্থানীয় হোটেল ব্যবসায়ী খায়রুল বাশার বলেন, পুরোদমে বর্ষা শুরু হলে হাঁটুপানি জমে থাকে দোকানের সামনে। কাদা-পানিতে একাকার হয়ে যায় সড়ক। পথচারী সুভাষ চন্দ্র বলেন, বাজারে প্রয়োজনীয় ড্রেনের ব্যবস্থা নেই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. জাকিউল আলম বলেন, ড্রেনেজ ব্যবস্থার জন্য ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ড্রেন নির্মাণ হলেই এর সমাধান হয়ে যাবে। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম জানান, ফকিরগঞ্জ হাটের ড্রেনের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।