খুলনা অফিস
বকেয়া বেতনের দাবিতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বহিরাগত পরিচ্ছন্ন কর্মীরা বিক্ষোভ করেছে। বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের সামনে শতাধিক শ্রমিক এ বিক্ষোভ করে। এর আগে তারা কেসিসির পাওয়ার হাউজ মোড়স্থ গ্যারেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা জানান, ১২০ জন বহিরাগত শ্রমিকরা দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। তারা আরো জানায়, ২০২০ সালের অক্টোবর মাসে কেসিসির আউট সোর্সিংয়ের চাকরিতে যোগদান করেন। কয়েক মাস সঠিকভাবে বেতন পেলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে চলতি জুলাই মাস (পাঁচ মাস) পর্যন্ত তারা বেতন পাননি। বহিরাগত শ্রমিক রাকিব বলেন, ‘করোনার মধ্যেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে সিটি করপোরেশনের বর্জ্য পরিষ্কার করছি। অথচ গত পাঁচ মাস বেতন পাচ্ছি না। বর্তমানে বেতন না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। এ বিষয়ে বহিরাগত শ্রমিকদের সুপারভাইজার হাফিজুল ইসলাম বলেন, বহিরাগত পরিচ্ছন্নতা কর্মীরা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। শ্রমিকদের হাজিরাসংক্রান্ত একটি জটিলতার কারণে মেয়র তদন্ত কমিটি করেছিলেন। তদন্তের রিপোর্ট তৈরি করে মেয়রের কাছে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় আছেন। তিনি খুলনায় আসলে সমস্যার সমাধান হয়ে যাবে।
