সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদ ইন্টারনেটে যেসব নাগরিকের জন্মসনদ দেওয়া হয়েছে তার অধিকাংশই ভুলে ভরা। আর ত্রুটিপূর্ণ এ জন্মসনদ নিয়ে ভোগান্তি পোহাচ্ছেন তারা। এমনকি ত্রুটিপূর্ণ ঐ জন্ম সনদ সংশোধন করতে বিভিন্ন দপ্তরে দিনের পর দিন ঘুরতে হচ্ছে তাদের।
এদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি কাজে জন্মসনদ প্রয়োজন হওয়ায় মাধাইনগর ইউনিয়নের ভুক্তভোগীরা ভুলে ভরা জন্ম সনদ সংশোধন করতে দিশেহারা হয়ে পড়েছেন। ঐ ইউনিয়নের ওয়াশীন গ্রামের কলেজশিক্ষক আবু বক্কর বলেন, মাধাইনগর ইউনিয়ন থেকে আমার স্ত্রী, মেয়ে ও ছেলেকে যে জন্মসনদ দেওয়া হয়েছে তার সঙ্গে ইন্টারনেটের জন্মসনদের মিল নেই। আরো দেখা গেছে, ইন্টারনেট সনদ কপিতে আমার পরিবারের প্রায় সবারই নাম, বাবার নাম, মায়ের নাম, জন্মতারিখসহ অন্যান্য তথ্য ভুল।
বেত্রাশিন গ্রামের অন্য ভুক্তভোগী স্কুলশিক্ষক হাসিনা খাতুন বলেন, আমার মেয়ের জন্মসনদের ডিজিট পরিবর্তন করতে এসে নজরে আসে মেয়েসহ আমার ও পরিবারের সবার জন্মসনদের তথ্য আমার নিজের কাছে থাকা জন্ম সনদের কপির সঙ্গে ইন্টারনেট কপির কোনোই মিল নেই। একই অভিযোগ করেন কৃষ্ণাদিঘী গ্রামের কৃষক আতাউর রহমান। তিনি বলেন, জন্মসনদের ইন্টারনেট কপির ভুল সংশোধনের জন্য গত দুই মাস ধরে মাধাইনগর ইউনিয়ন পরিষদে ঘুরছি। কিন্তু কাজ হয়নি বরং ভোগান্তিতে দিশেহারা হয়ে পড়েছি। তিনি ভোগান্তির বর্ণনা দিয়ে বলেন, প্রথমে ১০০ টাকা ফি দিয়ে জন্মসনদের ভুল ইন্টারনেট কপি সংগ্রহ করতে হয়। এরপর ফের ১০০ টাকা ফি দিয়ে অনলাইনে ভুল সংশোধনের আবেদন করতে হয়।
পরে জাতীয় পরিচয়পত্র সংযুক্ত সেই অবেদন উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গেলে সেখান থেকে যাচাই-বাছাইয়ের পর ঐ কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে। আর ভুল সংশোধনের চূড়ান্ত শুনানির পর আবারও ১০০ টাকা ফি জমা দিয়ে তবেই মেলে সঠিক জন্মসনদ। আর এতগুলো ধাপে যে ভোগান্তি পোহাতে হয় তা বর্ণনা করার মতো নয়।
ভুলে ভরা জন্মসনদ প্রসঙ্গে মাধাইনগর ইউনিয়ন পরিষদের সচিব বাসুদেব ঘোষ বলেন, আগে যারা জন্ম নিবন্ধনের দায়িত্বে ছিলেন, তারা প্রাপ্ত তথ্যগুলো নেটে সংযুক্ত করার সময় ভুল করেছেন। আর এতেই বেঁধেছে বিপত্তি।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, মাধাইনগর ইউনিয়নের জন্মসনদের ইন্টারনেট কপিতে ত্রুটির বিষয়টি আমারও নজরে এসেছে। নাগরিকদের ভোগান্তি লাঘবে খুব শিগিগরই জন্ম সনদ সংশোধন সহজিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
