সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:২৭

ইত্তেফাক ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

কুষ্টিয়া :কুষ্টিয়ায় বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আজম খোকন (৫০) ও চালক এনামুল হক (৪০)। কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় ধানার শান্তিডাঙ্গা এলাকায় এ  সড়ক দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া সদর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এছাড়া ইবি থানায় এ ঘটনায় মামলা হয়েছে বলেও তিনি জানান।

সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারীতে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত ও অন্য এক জন আহত হয়েছেন। নিহত আব্দুল বাছেদ সরকার (৩৮) সিরাজগঞ্জ শহরের বিএল স্কুলের সহকারী শিক্ষক।  হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, সকালে নিজ বাড়ি থেকে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে উল্লাপাড়া সদরে যাচ্ছিলেন আব্দুল বাছেদ। মোটরসাইকেলটি বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার পাটধারীতে পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষক আব্দুল বাছেদ মারা যান এবং মোটরসাইকেলচালক আহত হন।

হোসেনপুরে শিক্ষা কর্মকর্তা আহত

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, হোসেনপুরে বুধবার সড়ক দুর্ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহতের নাম মো. আসাদুজ্জামান (৩৮)। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।