নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
নাজিরপুরের শ্রীরামকাঠি বন্দরে প্রবেশ মুখে কালভার্টের অবস্থা বেহাল। এতে দুর্ভোগে পড়েছেন পথচারী ও বন্দর ব্যবসায়ীরা। বাজারে সংযোগ কালভার্টটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে জোড়াতালি দিয়ে প্রতিনিয়ত এ ভাঙা কালভার্টের ওপর দিয়ে চলাচল করছে বন্দরে আসা কয়েক হাজার ক্রেতা বিক্রেতা, শত শত ভ্যান, রিকশা ও মালবাহী যানবাহন।
কালভার্টটির বেশির ভাগই ভেঙে গেছে। লোহার ইস্পাত দিয়ে কোনোরকমে একটু চলার উপযোগী করা হয়েছে। কালভার্টটি দিয়ে মালবাহী যানবাহন বাজারের মধ্যে ঢুকতে পারে না। সাইকেল ও মোটরসাইকেল অনেক কষ্টে চলাচল করে। বন্দরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান খান টিটু জানান, দীর্ঘদিন ধরে কালভার্টটি এ অবস্থায় থাকায় আমাদের খুবই ক্ষতি হচ্ছে। নাজিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, কালভার্টটি নতুনভাবে নির্মাণ করার জন্য প্রক্রিয়া চলমান আছে।
