জামালপুরে ১০ হাত লম্বা অজগর উদ্ধার

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:২৭

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মঙ্গলবার লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে ১০ হাত লম্বা একটি অজগর সাপ। সাপটি একটি সুপারি বাগানে ঘের দেওয়া জালে আটকা পড়েছিল। সাপটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেছে মাদারগঞ্জ থানারপুলিশ। স্থানীয়রা জানায়, সম্ভবত ঐ বাগানে ঢোকার সময় জালে জড়িয়ে পড়ে সাপটি। বিশাল আকৃতির সাপের নড়াচড়া লোকজনের চোখে পড়লে এলাকায় হই চই পড়ে যায়। সাপটি লম্বায় ১০ হাত। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে। মাদারগঞ্জ থানার ওসি মো. মাহবুবুল হক জানান, সাপটি কেউ যেন মেরে ফেলতে না পারে, সেজন্য দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে উদ্ধার সাপটি শেরপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।