মহেশপুরে সীমান্ত দিয়ে আসছে নতুন নেশার সিরাপ

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:২৮

ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে কোডিন ম্যালাইড ও ম্যালকফ ডিএক্স নামে নতুন মাদক আসছে। মঙ্গলবার রাতে ৮০ বোতল ঐ নেশার সিরাপ জব্দ করেছে বিজিবি। বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, মঙ্গলবার গভীর রাতে যাদবপুর বিওপির একটি টহল দল জিরো লাইন থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর থেকে ৫০ বোতল কোডিন ম্যালাইড ও ৩০ বোতল  ম্যালকফ ডিএক্স সিরাপ উদ্ধার করে। নতুন এ সিরাপ দুটির নমুনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়। তারা পরীক্ষা করে জানিয়েছেন, এ সিরাপ দুটি শক্তিশালী মাদক। বিজিবির নজরদারি বাড়ানোয় ফেনসিডিলের চোরাচালান কমে গেছে। পরিবর্তে মাদক চোরাচালানিরা নতুন এ মাদক আনছে। ইতিমধ্যে বিজিবির পক্ষ থেকে নতুন এ মাদক সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে বলে লে. কর্নেল কামরুল আহসান জানিয়েছেন। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।