বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় কলেজছাত্র জাকির হোসেনকে (২৩) ছুরিকাঘাতে হত্যামামলার প্রধান আসামি মোহন হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বাঘা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ঢাকার উত্তরা থানার সহায়তায় দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় অভিযুক্ত মোহনের কাছ থেকে হত্যার আলামত হিসেবে ব্যবহূত ছুরিটিও জব্দ করে পুলিশ। বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, জাকির হত্যার প্রধান আসামি মোহনকে ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনার রাতে দুই জনকে গ্রেফতার করা হয়। এখন অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গত ১১ জুলাই রাতে পার্শ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চকমাহাপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোহন ও তার ৮-৯ জন বন্ধু মিলে জাকির হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে। জাকির বাউসা ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রামের মহির উদ্দিন মাস্টারের ছেলে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঐ রাতেই নাসির উদ্দিন ও হাফিজুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। এর দুই দিন পর মামলার প্রধান আসামি মোহনকে হত্যার আলামতসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
