সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:২৮

কাউখালী ও স্বরূপকাঠিতে ইউপি চেয়ারম্যানের শপথ

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালীতে প্রথম দফায় নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে আমরাজুড়ি ও কাউখালীর নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো.সাজ্জাদ হোসেন। শপথ গ্রহণ করেন নবনির্বাচিত আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন ও কাউখালী ইউপির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান। পরে সংরক্ষিত মহিলা এবং সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত ১০ জন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। আর ৯০ জন সাধারণ সদস্য ও ৩০ জন সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ পড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন।

সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি করোনা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে ১৮০ জন হতদরিদ্রকে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে এসব সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর জোন কমান্ডার লে. কর্নেল তৈফিকুল বারি।

আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা বুধবার সকালে তিতাস উপজেলা মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, এসিল্যান্ড এ কে এম আবু নওশাদ, তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ।

অসহায়দের মধ্যে রিকশা ও ভ্যান বিতরণ

বান্দরবান প্রতিনিধি বান্দরবানে করোনার কারণে বেকার হয়ে পড়া দরিদ্র অসহায় কর্মহীন ৩৫ ব্যক্তির মধ্যে রিকশা, ভ্যান ঠেলাগাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পার্বত্য মন্ত্রীর বাসভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১৫ ব্যক্তিকে ভ্যান ঠেলাগাড়ি ও ২০ জনকে রিকশা বিতরণ করা হয়।

কালীগঞ্জ হাসপাতালে অক্সিজেন কনসানট্রেটর মেশিন সরবরাহ

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা করোনা রোগীর জন্য হাসপাতালে অতি প্রয়োজনীয় অক্সিজেন কনসানট্রেটর মেশিন সরবরাহ করেছে উপজেলা পরিষদ। বুধবার কালীগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে অক্সিজেন কনসানট্রেটর মেশিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত রায় অজয়ের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান ও নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান।

বিভিন্ন স্থানে ভিজিএফের চাল বিতরণ

ইত্তেফাক ডেস্ক করোনাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিভিন্ন পৌরসভায় বুধবার ভিজিএফের ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত সকালে পৌর চত্বরে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫ হাজার ৬২১টি পরিবারের মধ্যে চাল বিতরণ করেন। এ সময় পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর, কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

দুর্গাপুর (নেত্রকোনা) : পৌরসভার ক্যাম্পাসে সকালে ৩ হাজার ৮১ জনের মধ্যে ভিজিএফ এবং ১ হাজার জনের মধ্যে জিআর এর চাল বিতরণ করেন পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, প্যানেল মেয়র মো. মশিউর রহমান বাদল প্রমুখ।

লাকসাম (কুমিল্লা) : পৌরসভার চারটি ওয়ার্ডে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের আল-আমিন ইনস্টিটিউটে কর্মসূচি উদ্বোধন করেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের।

 

 

 

০