ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সেবায় যুক্ত হলো আরো পাঁচ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে :কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), দি সিটি ব্যাংক লিমিটেড এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সিস্টেমের ইন্টিগ্রেশনের নিমিত্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষ্যে গতকাল বুধবার ভার্চুয়াল প্ল্যাটফরমে আয়োজিত অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের ১৪ সেবা প্রদানের লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়েছে। এটি বাস্তবায়িত হলে বিনিয়োগকারীরা সহজেই আরো বেশি বিনিয়োগ সেবা পাবেন। ইতিমধ্য বিডা ২৫টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক করছে, তার মধ্যে ১৫টি প্রতিষ্ঠানের মোট ৪৭টি সেবা আমরা ওএসএসের মাধ্যমে দিয়ে আসছি। ওএসএস চালু হওয়ার পর থেকে বিনিয়োগকারীদের প্রায় ২৫ হাজার সেবা অনলাইনের মাধ্যমে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, কোভিড-১৯ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও লক্ষ্যের ৭০ শতাংশ সেবা অনলাইনে নিয়ে আসতে পেরেছি এবং এ বছরের মধ্যেই ৩৫টি প্রতিষ্ঠানের ১৫০টি সেবা দেওয়ার লক্ষ্যে বিডা কাজ করে যাচ্ছে।
