ইত্তেফাক রিপোর্ট
করোনা মহামারি মোকাবিলায় জরুরি চিকিত্সা-সরঞ্জাম প্রদান করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। দেশের সর্বাধিক আক্রান্ত খুলনা, যশোর, রংপুর এবং ফরিদপুর জেলা এবং এফবিসিসিআই প্রতিনিধিকে করোনা মহামারি মোকাবিলায় জরুরি চিকিত্সা-সরঞ্জাম প্রদান অনুষ্ঠান গতকাল বিসিআই বোর্ডরুমে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উক্ত জেলা প্রতিনিধিদের হাতে অক্সিজেন সিলিন্ডার (ফুল সেট), হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, বাইপ্যাপ মেশিন ৭০০টি এনআরবি মাস্ক এবং ১০টি বাইপ্যাপ মাস্ক ইত্যাদি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিসিআই ভারপ্রাপ্ত সভাপতি প্রীতি চক্রবর্তী বলেন, করোনা মহামারিতে সরকারের পাশাপাশি দেশের জনগণের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছে বিসিআই। আমরা বিশ্বাস করি, দেশের সব ব্যবসায়ীমহল তাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা সম্প্রসারণ করবে। উল্লেখ্য, করোনায় রোগী শনাক্তের ঊর্ধ্বগতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে অক্সিজেন ও জরুরি চিকিত্সা সরঞ্জামের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এজন্য বিসিআই করোনা মহামারি মোকাবিলায় জরুরি চিকিত্সা-সরঞ্জাম সর্বাধিক আক্রান্ত খুলনা, যশোর, রংপুর এবং ফরিদপুর জেলায় সরকারি হাসপাতালসমূহে প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে।
