ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শেয়ারবাজারের লেনদেন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার, আগামী রবিবার ও সোমবার শেয়ারবাজারে স্বাভাবিক বা সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। তবে ঈদের পরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। বিএসইসি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার, আগামী রবিবার ও সোমবার ব্যাংকিং লেনদেন সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করার আলোকে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত করা হয়েছে। এর আগে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনে ব্যাংকিং লেনদেন কমিয়ে আনা হয়। যাতে করে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত কমিয়ে আনা হয়। এরপরে গত ৮ জুলাই থেকে ব্যাংকিং লেনদেন সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হয়। এর আগে স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে বেলা ২.৩০টা পর্যন্ত লেনদেন হয়ে আসছিল।
