চট্টগ্রামে সিআরবির শতবর্ষী গাছ কাটার চক্রান্ত!

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:৩৫

হাসপাতালসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মাণের নামে চট্টগ্রাম নগরীর ফুসফুস খ্যাত সিআরবির শতবর্ষী গাছ কেটে ফেলার উদ্যোগ নিয়েছে  রেলওয়ে কর্তৃপক্ষ। এই উদ্যোগ অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। সিআরবি এলাকা চট্টগ্রামের দীর্ঘদিনের ঐতিহ্য, নগরবাসী তথা চট্টগ্রামবাসীর ভালোবাসার জায়গা। যান্ত্রিক জীবন থেকে নিজেকে একটু স্বস্তি দিতে এখানকার মানুষজন সিআরবিতে ছুটে যান। আঁকাবাঁকা রাস্তা, পাহাড়, টিলা ও শতবর্ষী গাছে ঘেরা এ এলাকাটি পরিবেশসম্মত। এখানে রয়েছে ব্রিটিশ আমলের ভবনও। পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ না থাকায়, আশপাশের অনেক তরুণ শিক্ষার্থী নিয়মিত খেলে এখানে। বাঙালির প্রাণের উত্সব পহেলা বৈশাখসহ নানান সাংস্কৃতিক আয়োজনে মুখরিত থাকা সিআরবি বাঙালি সংস্কৃতির মিলনকেন্দ্রও বটে। এতকিছুর পরও হাসপাতাল কিংবা বাণিজ্যিক স্থাপনা নির্মাণের নামে সৌন্দর্যমণ্ডিত এলাকা বিনষ্ট করা ও পুরোনো গাছ কেটে ফেলার উদ্যোগ মোটেও সমীচীন নয়। তাই চট্টগ্রাম নগরীর ফুসফুস রক্ষায় চট্টগ্রামের শিক্ষার্থী,  পেশাজীবী, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষকে  এক হতে হবে, আন্দোলনের মাধ্যমে সিআরবির শতবর্ষী গাছ কাটার অযৌক্তিক উদ্যোগ রুখে দিতে হবে। সিআরবিকে বাঁচতে হবে, চট্টগ্রাম নগরীর ফুসফুসকে বাঁচাতে হবে।

এম নাজমুল হক চৌধুরী

সমাজকর্মী, চট্টগ্রাম