স্পোর্টস রিপোর্টার
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের জয়ে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ বড় অবদান রেখেছেন। দারুণ পারফরম্যান্সের ছাপ পড়েছে তাদের র্যাংকিংয়ে, দুজনই এগিয়েছেন। গতকাল আইসিসি সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে। ক্যারিয়ারের বিদায়ি টেস্টে সেঞ্চুরি করা মাহমুদউল্লাহর উন্নতি হয়েছে ১৯ ধাপ। মিরাজ এগিয়েছেন ৬ ধাপ।
হারারেতে প্রথম ইনিংসে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে লিটন দাস, তাসকিনের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন মাহমুদউল্লাহ। আট নম্বরে নেমে খেলেন ক্যারিয়ার-সেরা অপরাজিত ১৫০ রানের ইনিংস। ব্যাটসম্যানদের মধ্যে ৪৪ নম্বরে এখন তার অবস্থান।
লিটন দাস খেলেছিলেন ৯৫ রানের ইনিংস। ১৫ ধাপ এগিয়ে লিটন এখন ৫৫তম স্থানে আছেন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত এখনও র্যাংকিংয়ের ১০০-তে ঢুকতে পারেননি। দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করা জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ৭ ধাপ এগিয়ে আছেন ২৮ নম্বরে। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সেরা পাঁচে পরিবর্তন আসেনি। কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, বিরাট কোহলি ও জো রুট আছেন শীর্ষ পাঁচে।
হারারে টেস্টে দুই ইনিংসে ১৪৮ রানে ৯ উইকেট নিয়েছিলেন মিরাজ। ৬ ধাপ এগিয়ে এ অফস্পিনার আছেন ২৪ নম্বরে। ম্যাচে ৫ উইকেট পাওয়া তাসকিন ৯৫ থেকে ৮৯তম স্থানে উঠে এসেছেন। জিম্বাবুয়ের তিরিপানো, মুজারাবানির উন্নতি হয়েছে। বোলারদের সেরা পাঁচও অপরিবর্তিত রয়েছে। অলরাউন্ডারদের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এবং সাকিব আল হাসান আছেন পাঁচে।
