৬৬৩ রানের ম্যাচ জিতল ইংল্যান্ড

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:৫১

স্পোর্টস ডেস্ক

দ্বিতীয় সারির ইংল্যান্ড দলের কাছেও হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। মরগান-রুটদের অনুপস্থিতিতে বেন স্টোকসের নেতৃত্বে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩-০ তে হারিয়েছে ইংল্যান্ড। আগামীকাল শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-২০ সিরিজ। নটিংহ্যামে কাল প্রথম টি-২০, ১৮ ও ২০ জুলাই সিরিজের দ্বিতীয়, তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এজবাস্টনে রানবন্যায় ভরা সিরিজের শেষ ম্যাচে বোলাররা ছিলেন তোপের মুখে। ৬৬৩ রানের ম্যাচটা ৩ উইকেটে জিতেছে ইংল্যান্ড।

অধিনায়ক বাবর আজমের ক্যারিয়ার সেরা ইনিংসে পাকিস্তান ৯ উইকেটে ৩৩১ রান করেছিল। বাবর আজম ১৩৯ বলে ১৫৮ রানের (১৪ চার, ৪ ছয়) ইনিংস খেলেন। রিজওয়ান ৭৪, ইমাম উল হক ৫৬ রান করেন। ব্রাইডন কার্স ৬১ রানে ৫টি, সাকিব মাহমুদ ৩টি উইকেট পান। জবাবে জেমস ভিন্সের সেঞ্চুরিতে ৪৮ ওভারে ৭ উইকেটে ৩৩২ রান তুলে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। এজবাস্টনে ৩০০-এর বেশি রান তাড়া করে জেতার ঘটনা এটিই প্রথম।

ভিন্স ৯৫ বলে ১১টি চারে ১০২ রান করেন। সল্ট ৩৭, জ্যাক ক্রাউলি ৩৯, বেন স্টোকস ৩২, লুইস গ্রেগরি ৭৭, ওভারটন অপরাজিত ১৮, কার্স অপরাজিত ১২ রান করেন। পাকিস্তানের হারিস রউফ ৪টি উইকেট পান। ইংল্যান্ডের সেঞ্চুরিয়ান ভিন্স ম্যাচ-সেরা ও পেসার সাকিব মাহমুদ সিরিজ সেরার পুরস্কার পান।

এদিকে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ওয়ানডেতে পারফরম করে লুইস গ্রেগরি ও সাকিব মাহমুদ টি-২০ দলে ডাক পেয়েছেন। ওয়ানডে সিরিজের আগে করোনার ধাক্কায় আইসোলেশনে চলে গিয়েছিল ইংল্যান্ডের মূল দলের ক্রিকেটাররা। আইসোলেশন শেষে টি-২০ সিরিজে ফিরছেন অধিনায়ক মরগানসহ ৯ ক্রিকেটার। করোনা নেগেটিভ হওয়ায় ফিরেছেন তারা। বাটলার দলে ফিরলেও বিশ্রাম দেওয়া হয়েছে স্টোকসকে।

ইংল্যান্ড টি-২০ দল: এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, টম ব্যান্টন, জস বাটলার, টম কারান, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ডাভিড মালান, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি।