স্পোর্টস রিপোর্টার
ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতিটা খারাপ হয়নি বাংলাদেশ দলের। প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা সবাই কম-বেশি রান পেয়েছেন। বোলাররাও অনুশীলনটা সেরেছেন ভালোভাবে। গতকাল হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৯৬ রানের বড় সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। তামিম ৬৬, নাঈম শেখ ২৫, সাকিব ৩৭, লিটন দাস ২ রান করেন। মিডল অর্ডারে মিঠুন ৩৯, মোসাদ্দেক ৩৬ রান করে স্বেচ্ছা অবসরে যান। পরে আফিফ ২৮, নুরুল হাসান সোহন ১৮, সাইফউদ্দিন অপরাজিত ১২, মিরাজ অপরাজিত ৫ রান করেন। স্বাগতিকদের পক্ষে ফারাজ আকরাম, তানাকা শিভাঙ্গা, মাধেভারে ২টি করে উইকেট পান।
এদিকে ডান গোড়ালিতে অস্বস্তি বোধ করায় ইনিংসে ৫ বলের বেশি করেননি মুস্তাফিজুর রহমান। হারারে থেকে গতকাল বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।
রান তাড়া করতে নেমে স্বাগতিকরা ৪০.১ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান তুলতেই ম্যাচ শেষ ঘোষণা করা হয়।
