স্পোর্টস ডেস্ক
সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। ডাবলিনে দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে আইরিশরা। গত মঙ্গলবার প্রোটিয়াদের ৪৩ রানে পরাজিত করেছে আয়ারল্যান্ড। আইসিসি ওয়ানডে সুপার লিগেও পয়েন্ট পেল স্বাগতিকরা।
দুই ম্যাচ শেষে সিরিজে ১-০ তে এগিয়ে আয়ারল্যান্ড। তাদের চোখ এখন সিরিজ জয়ে। আগামীকাল ডাবলিনের মালাহাইডে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর দুই দল তিনটি টি-২০ও খেলবে। মঙ্গলবার অধিনায়ক অ্যান্ডি বালর্বিনির সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৯০ রান করেছিল আয়ারল্যান্ড। বালর্বিনি ১০২, হ্যারি টেক্টর ৭৯, ডকরেল ৪৫, ম্যাকব্রাইন ৩০, পল স্টারলিং ২৭ রান করেন। জবাবে টেম্বা বাভুমার দল ৪৮.৩ ওভারে ২৪৭ রানে অলআউট হয়। মালান ৮৪, ভ্যান ডার ডাসেন ৪৯, মিলার ২৪ রান করেন। আইরিশ অধিনায়ক ম্যাচ-সেরা হন।
