গাজীপুর প্রতিনিধি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন পরিবহন শ্রমিকদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে তার বাসভবনের সামনে তিন শতাধিক কর্মহীন পরিবহন শ্রমিকদের এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় রাসেল সরকার বলেন, যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে করোনাকালে চরমভাবে ক্ষতিগ্রস্ত কর্মহীন পরিবহন শ্রমিকদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যপণ্য বিতরণ করা হয়। এ সময় যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, পাপেল সরকার, আব্দুল হালিম মণ্ডল, আলমাস খান, এমরাত সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, পরিবহন শ্রমিকদের এ সহায়তা অব্যাহত থাকবে।
