বেস্ট এইডের সঙ্গে চুক্তি
ইত্তেফাক রিপোর্ট
করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের জন্য এবার চালু করেছে টেলিফোনে চিকিত্সা সেবা। এজন্য সেবাদানকারী প্রতিষ্ঠান বেস্ট এইডের সঙ্গে গতকাল ডিআরইউতে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় সদস্য ও পরিবারের সদস্যরা টেলিকনফারেন্স এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিআরইউর সর্বশেষ ভোটার তালিকার ক্রমিক নং (আইডি নম্বর) জানিয়ে যে কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে বিনা মূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিত্সা সুবিধা নিতে পারবেন। এ ছাড়াও বেস্ট এইডের অ্যাপ (Bestaid) অথবা ওয়েবসাইটে ঢুকে অনুরোধ জানালে প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে কুরিয়ার সার্ভিসে পৌঁছে যাবে। তবে এ জন্য কুরিয়ার সার্ভিসের চার্জ দিতে হবে। প্রয়োজনে ডাক্তারকে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ফোন দিয়ে বাসায় এনে (হোম সার্ভিস) এর সুবিধা নেওয়া যাবে। এ ছাড়া, বাসায় থেকে সাশ্রয়ী রেটে নির্ধারিত কয়েকটি স্বাস্থ্য পরীক্ষাও করানো যাবে।
চুক্তিতে ডিআরইউর পক্ষে সাধারণ সম্পাদক মসিউর রহমান খান ও বেস্ট এইডের পক্ষে ডিরেক্টর ও হেড অব লজিস্টিক মো. মেহেদী হাসান মন্ময় স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, ডিআরইউর সাবেক সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউর সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, বেস্ট এইডের চেয়ারম্যান ডা. হাসান মাহমুদ এবং বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ, উইমেন লিডারশিপের পরিচালক নাবিলা ইসলাম।
