আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে ছিনতাইকারী দলের ছুরিকাঘাতে ববিন মিলের মো. আশেকে মোস্তফা নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে মনোহরদীতে অবস্থিত আমজাদ হোসেন ভূঁইয়ার টেক্সটাইল মিলের সামনে রাস্তায় দাঁড়িয়ে মো. আশেকে মোস্তফা মোবাইল ফোনে কথা বলছিলেন। ঐ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে কয়েক জন ছিনতাইকারী এসে মোস্তফার ব্যবহূত ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা মোস্তফাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ফোনসেট নিয়ে সিএনজি অটোরিকশাযোগে পালিয়ে যায়। এ সময় তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপপালে নেওয়ার পথে তিনি মারা যান।
পরে খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ গভীর রাতে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত মোস্তফা ময়মনসিংহ সদর থানার সিরতা গ্রামের মো. নবী হোসেনের ছেলে এবং তিনি মনোহরদী গ্রামের একটি ববিন মিলে কাজ করতেন। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে এবং খুব দ্রুতই জড়িতদের গ্রেফতার করা হবে।
