ডিবি পুলিশ পরিচয়ে সড়কে চেকপোস্ট বসিয়ে ডাকাতি

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:৫৫

বসিলা থেকে চার দুর্বৃত্ত গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

ডিবি পুলিশ পরিচয়ে সড়কে চেকপোস্ট বসিয়ে ছিনতাই ও ডাকাতি করত এই চক্র। তাদের গায়ে থাকত ডিবি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি, অস্ত্র ও হ্যান্ডকাফ?। মোটা অঙ্কের টাকা নিয়ে যাচ্ছে এমন লোক জনকে টার্গেট করে সর্বস্ব ছিনিয়ে নিত ওরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসিলা এলাকা থেকে এ চক্রের চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে :জাহিদ হাসান রেজাউল, মানিক বেপারী ওরফে দারোগা মানিক, ফারুক হোসেন ওরফে নাসির উদ্দিন ও রুবেল সিকদার রুস্তম। গতকাল বুধবার  দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদসম্মেলনে এসব কথা জানান ডিবির যুগ্ম-কমিশনার (উত্তর) হারুন অর রশীদ।

তিনি জানান, গ্রেফতারকৃত চার জন ডিবি সদস্য পরিচয়ে ডাকাতি করে বেড়াত। কোরবানির ঈদকে টার্গেট করে বড় বড় পাইকারদের পিছু নিত তারা। এরপর সুবিধাজনক নির্জনস্থানে চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে ব্যবসায়ীদের সঙ্গে থাকা সব লুট করে নিত। কারো কাছে ডিবির জ্যাকেট ও অন্যান্য সরঞ্জাম থাকলেই তাকে সব কিছু না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ডিবি পুলিশ সব সময় বা সব জায়গায় চেকপোস্ট বসায় না। সুতরাং পুলিশ পরিচয়ে কেউ সবকিছু নিতে চাইলে ভেরিফাই করুন, আশপাশে পোশাকে অন-ডিউটিতে থাকা অন্য পুলিশ সদস্যদের মাধ্যমে পরিচয় নিশ্চিত হোন। হারুন অর রশিদ বলেন, তারা বিভিন্ন ব্যাংকের আশেপাশে ওত পেতে থাকত। বিপুল পরিমাণ টাকা উত্তোলন ও পরিবহনকারী ব্যক্তিকে অনুসরণ করে। পরবর্তীতে ডিবি পুলিশ পরিচয়ে টাকা পরিবহনকারী ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়ে ভুক্তভোগীকে হাত-পা বেঁধে দূরবর্তী স্থানে ফেলে দেয়।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে গরুর পাইকার, গার্মেন্টস ব্যবসায়ী কিংবা যে কেউ যদি মোটা অঙ্কের টাকা লেনদেন করেন তাহলে পুলিশকে জানান, পুলিশের সহযোগিতা নিয়ে মানিস্কট সেবা নিন। মোটা অঙ্কের টাকার লেনদেনে গলিপথ এড়িয়ে চলুন, যেখানে সিসি ক্যামেরা আছে সেখানে বসে লেনদেন করুন। গরু বহন করা গাড়ি, গরু কিংবা পশুর হাটে পাইকার ও ক্রেতার টাকা যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সে জন্য ডিবি পুলিশসহ ডিএমপির অন্যান্য ইউনিট সক্রিয় রয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের নামে ডিএমপিসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে এবং তারা সবাই বিভিন্ন মেয়াদে জেল খেটেছে বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।