ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়া থেকে গরু চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া দুইটি গরু উদ্ধার এবং চুরির কাজে ব্যবহূত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক হারুন আর রশিদ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া, কাঠগড়া ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো :বগুড়ার কাহলু উপজেলার আরোলা এলাকার রমজান আলীর ছেলে আজম আলী, একই উপজেলার কাঠনাল পাড়ার আব্দুল কাদেরের ছেলে মকুল শেখ, শাজাহানপুর উপজেলার শাহাপাড়া এলাকার মৃত নুর হোসেন মিয়ার ছেলে শাকিল হাসান, নন্দীগ্রাম উপজেলার শহরপুড়ী এলাকার আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ ও আশুলিয়ার ধলপুর এলাকার ইমান আলী শেখের ছেলে সমেজ আলী শেখ। তারা আশুলিয়ার জামগড়া শিমুলতলাসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে নানা অপকর্ম করত। আটককৃতদের মধ্যে আব্দুল মজিদ ও আলী আজমের বিরুদ্ধে চুরিসহ অন্তত ১৪টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
