নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের খাদ্যসামগ্রী উত্পাদনকারী প্রতিষ্ঠান হাশেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় প্রতিষ্ঠানের মালিক আবুল হাশেমসহ ছয় জনকে কারাগারে পাঠানো হয়েছে। চার দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেম ও তার চার ছেলেসহ আট আসামিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করা হলে আদালত দুই ছেলে তাওসিফ ইব্রাহিম ও তানজিম ইব্রাহিমের জামিন মঞ্জুর করে বাকি ছয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে চেয়ারম্যানসহ ছয় আসামিকে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে আসামিদের গত ১০ জুলাই একই আদালতে হাজির করে পুলিশের তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ জুলাই রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন বাদী হয়ে আবুল হাশেমসহ আট জনের নামোল্লেখপূর্বক অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় সেজান জুসের চেয়ারম্যান আবুল হাসেম, তার চার ছেলে হাসিব বিন হাশেম (এমডি), তারেক ইব্রাহিম (পরিচালক), তাওসিফ ইব্রাহিম (পরিচালক), তানজিম ইব্রাহিম (পরিচালক), ডেপুটি জেনারেল ম্যানেজার মামুনুর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা (অ্যাডমিন) সালাউদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেনশা আজাদ জুম্মনকে আসামি করা হয়।
