পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ের মধ্যে সংঘাতের খবর নতুন কিছু নয়। কিন্তু এর মধ্যেই হঠাত্ করে রাজ্যপাল ধনকড়ের সঙ্গে দেখা করে একান্তে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গতকাল বুধবার বিকালে রাজভবনে যান মমতা ব্যানার্জি। রাজ্যপালের সঙ্গে প্রায় দুই ঘণ্টা একান্তে বৈঠক করেন তিনি। রাজ্যপালের সঙ্গে মমতার কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। মমতাও এই সাক্ষাত্ নিয়ে নিজে কিছু বলেননি। কিন্তু হঠাত্ করে রাজ্যপালের সঙ্গে দেখা করা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে রাজ্যপাল কিছু বলতে পারেন মমতাকে। এছাড়া মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করার বিষয়ে বিজেপির অভিযোগ নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে। আলোচনায় উঠে আসতে পারে বিজেপি এমপি জন বার্লার গোর্খ্যাল্যান্ডের দাবির প্রসঙ্গটিও। পাশাপাশি, বিধান পরিষদের বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল।
বিধানসভার ভোটের ফল প্রকাশের পর থেকেই ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে উত্তপ্ত বাংলার রাজনীতি। এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গেছে রাজ্যপালকে। এমনকি খোদ মমতাকে চিঠি লিখে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছিলেন তিনি। যা নিয়ে নবান্ন এবং রাজ্যপালের মধ্যে একটা সংঘাতের আবহ তৈরি হয়। সেই সংঘাত আরো চরমে ওঠে যখন ধনকড়ের বিরুদ্ধে মমতা জৈন হাওয়ালা মামলায় জড়িত থাকার অভিযোগ তোলেন। যদিও সেই অভিযোগ নাকচ করেন ধনকড়।
