রওশনকে দলের চেয়ারম্যান বিদিশাকে কো-চেয়ারম্যান ঘোষণা এরশাদপুত্র এরিকের

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২২:১৮

জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিলেন দলটির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ চাহিদাসম্পন্ন পুত্র এরিক এরশাদ। সাবেক প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বুধবার রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’ আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এরিক এই ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত থাকা এরিক তার মা বিদিশাকে ও বড় ভাই রাহগির আল মাহি সাদ এরশাদকে কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন।

প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এই আলোচনাসভার ব্যানারে প্রধান অতিথি হিসেবে রওশন এরশাদের নাম লেখা ছিল। তবে রওশন উপস্থিত ছিলেন না। আয়োজকদের দাবি, অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। এরশাদ-বিদিশার পুত্র এরিক পার্টির চেয়ারম্যান হিসেবে এরশাদের স্ত্রী রওশনকে এবং এরশাদের সাবেক স্ত্রী বিদিশা ও এরশাদ-রওশনের পুত্র সাদকে অনেকটা আকস্মিকভাবে কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করায় দলটির ভেতরে-বাইরে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এরিক তার বক্তব্যে বলেছেন, ‘আমার বাবা যখন অসুস্থ ছিলেন, তখন আমার চাচা জি এম কাদের রাতের আঁধারে বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। জাপা আজ ধ্বংসের মুখে। আমরা তাকে চেয়ারম্যান মানি না। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে। পার্টিকে বাঁচাতে হবে।’              এ সময় আলোচনাসভার মঞ্চে এরিকের পাশে থাকা বিদিশা পুত্রের পিঠ চাপড়ে উত্সাহ দিয়ে বলেন, ‘এরিকের প্রস্তাবিত নতুন কমিটি কাজ শুরু করবে। আমার দুই ছেলে সাদ ও এরিককে নিয়ে এরশাদের স্বপ্নের দেশ গড়তে মাঠ পর্যায়ে কাজ শুরু করব আমরা। এরশাদ দেশের জন্য কী করেছিলেন তা আমরা তুলে ধরব।’ সভায় জাপার প্রবীণ নেতা ও সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান এবং জাফর ইকবাল সিদ্দিকী উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট পার্কের এই আলোচনাসভায় উপস্থিত থেকে সাদ এরশাদ বলেন, ‘আমরা জঞ্জালমুক্ত থাকতে চাই। বেশি পলিটিক্যাল কথা বলতে আসিনি। আজ আমার আব্বার মৃত্যুবার্ষিকী। সবাই আমাদের দলের প্রতিষ্ঠাতার জন্য দোয়া করবেন। আমার আম্মা বিরোধীদলীয় নেতা, ওনার বয়স হয়েছে। ওনার জন্য দোয়া করবেন। আজ আসতে পারেননি।’

ভাতিজা এরিকের এই ঘোষণার প্রতিক্রিয়ায় জাপা চেয়ারম্যান জি এম কাদের গণমাধ্যমকে বলেন, ‘সাদ আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছে, তাকে মিলাদের কথা বলে সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে গিয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটার সঙ্গে সে নেই। আর উনি (রওশন এরশাদ) খুব অসুস্থ, যে কারণে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এবার উনি বাসায় মিলাদের ব্যবস্থাও করেননি।’

এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের আরো বলেন, ‘দেশের সংবিধান অনুযায়ী চাইলে যে কেউ নতুন দল করতে পারে, এতে আমাদের আপত্তি নেই। আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। তবে এক ব্যক্তি একসঙ্গে দুটি দল করতে পারেন না। রাজনৈতিক দল কেউ করলেই হবে না। নির্বাচন কমিশন থেকে সেই দলের নিবন্ধন নিতে হবে। তাছাড়া কে কাকে কী ঘোষণা দিয়েছে তা জানি না। যে কেউ যে কোনো ঘোষণা দিতে পারে।’

জি এম কাদের তার বক্তব্যে এরিকের ঘোষিত কমিটিকে ‘নতুন দল’ হিসেবে আখ্যায়িত করেন। তবে বিদিশা এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘নতুন দল কেন হবে! এটা জাপার কমিটি। এরশাদের প্রতিষ্ঠিত জাপার নতুন কমিটি ঘোষণা করেছে এরিক।’

‘সাদ আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছে, তাকে মিলাদের কথা বলে সেখানে নিয়ে গেছে। সেখানে যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটার সঙ্গে সে নেই।’ জি এম কাদেরের এই বক্তব্যের বিষয়ে জানার জন্য সাদকে বহুবার ফোন করেও পাওয়া সম্ভব হয়নি। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অনুষ্ঠান শেষে গুলশানের বাসায় ফিরলে সাদের কাছে ঘটনা সম্পর্কে জানতে চান রওশন। তখন তিনি সাদকে পরামর্শ দেন চাচা জি এম কাদেরকে ফোন করে কথা বলার জন্য। এরপরই সাদ ফোন করেন জি এম কাদেরকে।

এরিকের ঘোষণার বিষয়ে গতকাল সন্ধ্যায় রওশন এরশাদ ইত্তেফাককে বলেন, ‘এসব ঘোষণা সম্পূর্ণ অবান্তর। আমার সঙ্গে কারো কথা হয়নি। আমি এসব বিষয়ে কিছু জানিও না। আমি অসুস্থ, বাসায়। আর আমি তো পার্টির চেয়ারম্যান হব না, এটা আগেই বলেছি। সুতরাং এখন তো আমার চেয়ারম্যান ও সাদের কো-চেয়ারম্যান হওয়ার প্রশ্নই ওঠে না।’ জাপার প্রবীণ নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান ইত্তেফাককে জানান, তার সঙ্গেও রওশনের কথা হয়েছে। রওশন তাকে বলেছেন, যা হওয়ার হয়েছে।