পাঁচ দিনে হাজার মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২২:১৯

দেশে গত এক দিনে করোনা ভাইরাসে মারা গেছেন ২১০ জন। এতে দেশে মৃতের সংখ্যা সতের হাজার ছাড়ালো। ভাইরাসের বিস্তার  ঠেকাতে কঠোর লকডাউনের মধ্যেই গত ৯ জুলাই বাংলাদেশে মোট মৃত্যু পৌঁছেছিল ১৬ হাজারে। সেই তালিকায় আরও এক হাজার নাম যুক্ত হতে সময় লাগল মাত্র পাঁচ দিন। দেশে টানা চতুর্থ দিন করোনায় আক্রান্ত হয়ে দৈনিক ২০০-এর ওপরে মানুষের মৃত্যু হলো। এদিকে করোনা আক্রান্ত ঢাকার বাইরের রোগীদের সামাল দিতে পারছে না রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালগুলো। অনেক হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই। রাজধানীর ১৬টি হাসপাতালের ৩৯৫টি আইসিইউ বেডের মধ্যে মাত্র ৬০টি ফাঁকা রয়েছে।          সাধারণ শয্যাও রোগীতে ভর্তি হয়ে যাচ্ছে দ্রুত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২ হাজার ৩৮৩ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; তাতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন। আর গত একদিনে মারা যাওয়া ২১০ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু দাঁড়ালো ১৭ হাজার ৫২ জনে। টানা রেকর্ডের পর মঙ্গলবার দেশে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কিছু কমে এসেছিল। মঙ্গলবার ১২ হাজার ১৯৮ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল, মৃত্যু হয়েছিল ২০৩ জনের। বুধবার তা আবার কিছুটা বেড়েছে। গত এক দিনে কেবল ঢাকা বিভাগেই ৫ হাজার ৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আর যে ২১০ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৬৯ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। সরকারি হিসাবে গত এক দিনে আরও ৮ হাজার ২৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।