ঈদের আগে লকডাউনের শেষ দিন ছিল গতকাল বুধবার। কিন্তু শেষ দিন ঢাকার রাস্তা থেকে বিদায় নিয়েছিল বিধিনিষেধ। বাস ছাড়া প্রায় সব ধরনের যানবাহনই চলেছে। এদিকে গতকাল গভীর রাত থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল। অনলাইনে ট্রেনের বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে। আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৪৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রী ওঠানো হবে।
করোনা ভাইরাসের ডেলটা ধরনের ভয়াবহ সংক্রমণে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় গত ১ জুলাই সারা দেশে শুরু হয় কঠোর বিধিনিষেধ। ঈদ সামনে রেখে সেই বিধিনিষেধ আপাতত তুলে নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল থাকবে। ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আগের কঠোর বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে।
সড়কে বাস নামাতে ধোয়ামোছায় কাটছে ব্যস্ত সময়
ঈদুল আজহা উপলক্ষ্যে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করায় পরিবহন শ্রমিকরা ব্যাপক খুশি। সড়কে বাস নামানোর জন্য পরিবহন শ্রমিকরা শেষ করেছেন প্রস্তুতি। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টার খুলে অনেকে টিকিট বিক্রি করছেন। এছাড়া চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে, পরিবহন শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। কেউ গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন, কেউ গাড়ি ঠিকমতো স্টার্ট হচ্ছে কি না—দেখে নিচ্ছেন, আবার কেউ বা দেখে নিচ্ছেন দীর্ঘদিন বন্ধ থাকায় গাড়ির সব যন্ত্রপাতি ঠিক রয়েছে কি না। ছোটখাটো সমস্যা থাকলে তাত্ক্ষণিক মেরামত করছেন। হূদয় নামে একজন পরিবহন শ্রমিক বলেন, ‘লকডাউনে ঢাকায় থাকা-খাওয়া এবং বাসাভাড়ার টাকা জোগাড় করা কষ্টকর হয়ে যায়। তবে সরকার লকডাউন তুলে নিয়ে বাস চলাচলের অনুমতি দেওয়ায় আমরা খুশি। কয়েক দিন অন্তত কিছু টাকা আয় করে চলতে পারব।’
রাতেই ছেড়েছে দূরপাল্লার বাস
কঠোর বিধিনিষেধ শিথিল করায় আজ সকাল ৬টা থেকে দেশে চলবে গণপরিবহন। তবে বুধবার রাত থেকেই দূরপাল্লার বাস চলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। সাকুরা পরিবহনের কাউন্টার মাস্টার মোহাম্মদ হাবিব গতকাল বলেন, ‘আজ রাত থেকেই বাস ছাড়া হবে। তবে কত জন যাত্রী নিয়ে বাস ছাড়বে, সেটা এখনো ঠিক হয়নি।’ মহাখালীতে গিয়ে দেখা যায়, ঢাকা-কিশোরগঞ্জ রুটে অনন্যা পরিবহনসহ উত্তরবঙ্গ রুটে একতা, এনা ও সাদিকা পরিবহানের বাসগুলোতে স্বাস্থ্যবিধির সব শর্ত নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনন্যার ব্যবস্থাপনা পরিচালক কামরান রশীদ তুহিন জানান, এক আসন ফাঁকা রেখেই চালানো হবে বাস।
অনলাইনে ট্রেনের টিকিট পেতে দুর্ভোগ
ঈদযাত্রা সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে ৩৮টি আন্তঃনগর, ১৯টি মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এক সিট খালি রেখে চলবে সব ট্রেন। তাই সব ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে কাউন্টারের বদলে টিকিট বিক্রি করা হচ্ছে শুধু অনলাইনে।
তবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বারবার চেষ্টা করেও ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে প্রবেশ করতে পারছেন না অনেকে। কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, তিনি সার্ভারে ঢুকতে না পারার বেশ কিছু অভিযোগ পেয়েছেন। সবাইকে বারবার চেষ্টা করার অনুরোধ জানিয়েছেন।
মধ্যরাত থেকে চলছে লঞ্চ
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সদরঘাটে মাস্ক ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না। ঈদযাত্রায় যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে লঞ্চ মালিক ও যাত্রীদের জরিমানা করা হবে। গতকাল দুপুরে রাজধানীর সদরঘাট নৌবন্দর পরিদর্শনকালে তিনি এ-কথা বলেন ।
