আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ভুল পদক্ষেপ :বুশ

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০০:৪৮

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনীর সেনা প্রত্যাহারকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। বুশ জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলেকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, এ সিদ্ধান্তে আফগান নারী ও শিশুরা অবর্ণনীয় ক্ষতির শিকার হতে যাচ্ছে। তার ধারণা, নিষ্ঠুর তালেবানরা সাধারণ মানুষকে হত্যা করতে পারে। নাইন-ইলেভেন হামলার পর বুশই ২০০১ সালে আফগানিস্তানে সেনা পাঠিয়েছিলেন। এদিকে তালেবান আফগান-পাকিস্তান সীমান্ত দখল করে নিয়েছে। তারা সেখানে তাদের পতাকাও উত্তোলন করেছে। তালেবানের দাবি, তারা পাকিস্তানের সঙ্গে থাকা চমন-স্পিন বোলডাক সীমান্ত দখল করে নিয়েছে। কিন্তু আফগান স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, তালেবান সেখানে হামলা চালালেও সৈন্যরা তাদের পিছু হটতে বাধ্য করেছে এবং নিয়ন্ত্রণ সেনাদের হাতেই রয়েছে। তবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে তালেবানের উপস্থিতি আছে, কোনো আফগান সৈন্য দেখা যাচ্ছে না। —আলজাজিরা