একটাই পথ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ------------------শামীম ওসমান

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০০:৪৮

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আল্লাহ দুনিয়াতে এই আজাব দিয়েছেন। এই আজাবের সঙ্গে তো আমাদের কিছু করার নাই। একটাই পথ আছে আল্লাহর কাছে মাফ চাওয়া। আমার মনে হয় যে, আমরা ঠিকমতো মাফ চাইতে পারছি না। আমার বিশ্বাস আমরা যদি আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাই, কান্নাকাটি করি তাহলে হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। যারা খেটে খাওয়া মানুষ আল্লাহ তাদের দোয়া কবুল করেন। আমি আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।’

গতকাল বুধবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিবহন শ্রমিকদের মধ্যে সরকারের দেওয়া ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। শ্রমিকদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘ জাতির পিতার কন্যা প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা খেটে খাওয়া মানুষদের জন্য বরাদ্দ করেছেন। আমাদের উচিত ছিল প্রধানমন্ত্রীর এই উপহার আপনাদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া।’

শামীম ওসমান বলেন, সারা বাংলাদেশের লাখ লাখ মানুষ অভাবে আছেন। বিশেষত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো। সবাই সমস্যায় পড়েছেন। আমরা ছোট একটা দেশ, ১৭ কোটি মানুষ। দেড় বছর হয়ে গেছে। তিনি (প্রধানমন্ত্রী) এখনো চেষ্টা করছেন মানুষ যেন ভালো থাকে। পরিবহন শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, হায়াত মউতের মালিক আল্লাহ। কিন্তু অসুস্থ থাকা না থাকাটা আপনার আমার ওপর নির্ভর করে। যদি মাস্ক পরে একটু দূরত্ব বজায় রেখে হাত ধুয়ে স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে হয়তো এই করোনা থেকে নিজেকে সুরক্ষা দিতে পারবেন। আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেক এলাকায় নিজ পকেটের টাকা খরচ করে পানি অপসারণের কাজ করেছে। সেনাবাহিনী, পানিসম্পদ মন্ত্রণালয়, ডিসি, ইউএনও সবাই কাজ করছে। আজকে বেশির ভাগ এলাকার মানুষ পানি থেকে মুক্ত। আমি আশা করি, এখানকার ও পাগলার খাল দুটো চালু হয়ে গেলে পানি আগামী এক দিনের মধ্যে চলে যাবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বক্তাবলি ইউনিয়নের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।