পীরগঞ্জে বিজিবি-বিএসএফ বৈঠক, আত্মরক্ষা ছাড়া সীমান্তে গুলি নয়

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৯

বিজিবি ঠাকুরগাঁও, দিনাজপুর সেক্টর এবং ভারতের বিএসএফ কিষানগঞ্জ সেক্টরের কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিওপির সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত হয় বৈঠকটি।

বেলা ১১টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত চলা সৌজন্য বৈঠকে বিজিবি এর পক্ষে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ শামছুল আরেফীন, পিএসসি ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. সোহরাব হোসেন ভুঁইয়া, পিএসসি, জি প্লাস। 

ভারতের বিএসএফ কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি অমৃত লাল তিরকি ৩৪ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন। এছাড়া উক্ত সৌজন্য বৈঠকে বিজিবি-বিএসএফ এর ব্যাটেলিয়ন কমান্ডার সহ স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন। 

শুরুতে বিজিবি বিএসএফ কিষানগঞ্জ সেক্টরের কমান্ডারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে আনুষ্ঠানিক বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে ঐক্যমত ব্যক্ত করা হয়। আত্মরক্ষামূলক কারণ ব্যতীত সীমান্তে সকল প্রকার গুলি বর্ষণ হতে বিরত থাকা, সকল প্রকার চোরা চালান ও মাদক পাচার রোধ এবং বিনা কারণে গ্রেপ্তার না করার ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়। 

উভয় পক্ষ সমন্বিত টহল কার্যক্রম জোরদারসহ নিয়মিত পতাকা বৈঠকের বিষয়ে একমত পোষণ করেন। শেষে সীমান্তে শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের জন্য উভয় পক্ষের অঙ্গীকার ব্যক্ত করা হয়। 

আরো পড়ুন: পুত্রবধূকে বিয়ে করতে গিয়ে শ্বশুর কারাগারে

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক অত্যন্ত সৌহার্দপূর্ণ ও আন্তরিকতাপূর্ণ হয়েছে বলে উভয় দেশের সেক্টর কমান্ডারগণ জানান। বিএসএফ সেক্টর কমান্ডারের সম্মানে বিজিবি কর্তৃক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ইত্তেফাক/অনি