ঈদে বিটিভির তারকাবহুল ৫ নাটক

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২০:৫৩

করোনার কারণে শঙ্কা থাকলেও দেশের চ্যানেলগুলো নতুন নাটক ও অনুষ্ঠান দিয়ে তাদের ঈদ অনুষ্ঠানমালা সাজানোর চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশনও বর্ণিল অনুষ্ঠানমালা নিয়ে হাজির হতে যাচ্ছে। এই তালিকায় রয়েছে বিটিভির নিজেস্ব প্রযোজনার ৫টি নাটক। নাটকগুলো রচনা করেছেন জনপ্রিয় নাট্যকার ও পরিচালক। এই তালিকায় রয়েছেন ইমদাদুল হক মিলন, পান্থ শাহরিয়ার, বদরুল আনাম সৌদ, চয়নিকা চৌধুরী ও মীর সাব্বির।

সবগুলো নাটকই প্রচারিত হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। ঈদের আগের দিন দেখা যাবে বদরুল আনাম সৌদের রচনায় ‘আকাশ ভাবনা’। এটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, শাহাদাত্ হোসেন, নীলাঞ্জনা নীলা, ওয়াসেক ইমাদ’সহ অনেকে।

ঈদের দিন প্রচারিত হবে মীর সাব্বিরের রচনায় ও সোলেমান হকের প্রযোজনায় নাটক ‘হাম্বা ডটকম’। অভিনয় করেছেন মরী সাব্বির, আ খ ম হাসান, ফারুক আহমেদ, ডালজিফা আমিন, ফারজানা রিক্তা, গুলশান আরা, হান্নান শেলী, আমিন আজাদ, বিনয় ভদ্র ও হাফিজুর রহমান সুরুজ।

ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে, ইমদাদুল হক মিলনের রচনায় নাটক ‘বিয়ের কয়েকদিন আগে’। নূর আনোয়ার হোসেনের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন সজল, শ্রাবণ্য, রিয়াদ, মেহরিমা, ফকরুল বাশার, মিলি বাশারসহ অনেকে।

ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে নাটক ‘গৃহমায়া’। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন চয়নিকা চৌধুরী। আর এটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। অভিনয় করেছেন তারিন, রওনক হাসান, আল মামুন, মিলি বাশার, এফ এস নাঈম, নাবিলা প্রমুখ। ঈদ আয়োজনের শেষদিন দেখা যাবে পান্থ শাহরিয়ার রচিত নাটক ‘বকুলের আয়না’। এস এম নোমান হাসান খানের প্রযোজনায় এতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, জিতু আহসান প্রমুখ।