জার্মানির পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পর বন্যায় ১৯ জন নিহত ও কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে। এতে বহু ঘরবাড়ি ও দোকানপাট তলিয়ে গেছে। এছাড়া বেশ কয়েকটি ঘরবাড়ি এখনো ঝুঁকিতে রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুই জন দমকলকর্মীও রয়েছেন। বন শহরের দক্ষিণে আরভেইলার জেলায় বেশ কয়েক জনের প্রাণহানির পাশাপাশি প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছে। আর নদীর পানি তীর উপচে লোকালয়ে প্রবেশের পর বাড়িঘরের ভেতরে আটকে পড়া প্রায় ৫০ জন ছাদে আশ্রয় নিয়েছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘অনেক এলাকায় ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে, যে কারণে আমরা এখনো ক্ষয়ক্ষতির পুরো চিত্র পাইনি।’ বনের উত্তর-পূর্বের জাউয়াল্যান্ড অঞ্চলে দুই দমকলকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ; এদের মধ্যে এক জনের মৃত্যু পানিতে ডুবে হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ। বন্যার কারণে সড়ক ও রেলযোগাযোগ বিঘ্নিত হয়েছে। রাইন নদীতে নৌযান চলাচল স্থগিত রাখা হয়েছে। কাল শুক্রবারও জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরো বৃষ্টিপাত হতে পারে বলে দেশটির আবহাওয়া বিভাগের পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।
