মিয়ানমারের ইয়াঙ্গুনে কয়েক কোটি ডলারের একটি নির্মাণ প্রকল্প থেকে সরে আসতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে, প্রকল্পটিতে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সামরিক বাহিনী লাভবান হবে।
এ বছরের ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে সামরিক বাহিনী দেশটিতে ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে। গত কয়েক মাসে সেখানে ৯ শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইয়াঙ্গুনের ঐ প্রকল্পের কাজ বন্ধ করতে জাপানকে অনুরোধ করেছে। যে প্রকল্প নিয়ে এই আহ্বান, তাতে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জমিতে পুরোনো একটি সামরিক জাদুঘরের স্থানে কয়েক কোটি ডলার খরচ করে পাঁচতারকা হোটেল, বিলাসবহুল দোকান ও অফিস বানানোর কাজ চলছে। এ প্রকল্পে জাপানের বেসরকারি বেশ কয়েকটি কোম্পানি ও সরকারি একটি প্রতিষ্ঠান জড়িত। মেকং ওয়াচের প্রধান নির্বাহী ইয়ুকা কিগুচি বলেন, ‘জাপানের জনগণের অর্থ তাতমাদাওয়ের (মিয়ানমারের সশস্ত্র বাহিনী) হাতেই পৌঁছাচ্ছে বলে ধারণা করছি, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
