সন্ধ্যাতারা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:১১

একটি সন্ধ্যাতারা কোলে নিয়ে বসে আছি। বেইলী রোডের কোনায় ভাঙা পাথরের খোড়লে আজই কুড়িয়ে পেলাম। পা ভেঙে পড়েছিল। অক্ষনে কোনো কাজকর্ম করতে পারতেছি না।  কী যে করি, কোনখানে রাখি; তারাটিকে ফেলে দেব কি না। ফেলতে গেলেও তো আর একটা আকাশ লাগবে। এখন এই অসময়ে আকাশ কোথায় পাব। সমস্ত আকাশ ভরা আমেরিকা, রাশিয়া অথবা চীন; কু ঝিক ঝিক সুরে উড়ে চলেছে তাদের সফলতম রেল, বিফল রকেট; কুকুর ও প্রজাপতি। কোথায় পাব আকাশ। কার কাছে যাব। বরঞ্চ ফটোশপে যাই। ওরা একটা বিহিত ব্যবস্থা করতে পারবে বলে বিশ্বাস করি। ওরা কি আকাশের সাথে বাতাসও বানাতে পারে। হুহু বাতাস, শীতল ধুধু খোলা প্রান্তরে বয়ে যাওয়া বাতাস, বৃষ্টির গা বেয়ে গড়িয়ে পড়া ভেজা স্যাঁতসেঁতে বাতাস; নিদেনপক্ষে বারান্দার গ্রিলে লতিয়ে ওঠা মাধবীলতায় একটা ফুঁ দেয়ার মতন যত্সামান্য বাতাস। আর যদি তা না পারো তাহলে বাতাসবিহীন আকাশেই বসে থেকো। মানুষ অপেক্ষা ফটোশপ ঢের বেশি বিশ্বস্ততার দাবিদার।