সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে কিশোরগঞ্জ উপজেলা শহর। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো এবং উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ ভবনে সিসি ক্যামেরা স্থাপন শুরু হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার এবং কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি অধিশাখা-২-এর পরিপত্র অনুযায়ী গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ অর্থ দিয়ে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
