নাগড়ায় সেতু নিচু হওয়ায় আটকে যায় কচুরিপানা!

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:১৭

নেত্রকোনা পৌর এলাকার সমবায় ব্যাংক ও মধ্য নাগড়ার সঙ্গে সড়ক পথে যোগাযোগ রক্ষাকারী মগড়া নদীর ওপর নির্মিত সেতুটি নিচু হওয়ায় বর্ষাকালে এই সেতুর তলা দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারে না। ফলে মগড়া নদী দিয়ে নৌ পরিবহন একেবারে বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, নৌযান তো পরের কথা—কলার ভেলা বা কচুরিপানাও যেতে পারে না সেতুর তলা দিয়ে।

শহরের পূর্ব-পশ্চিম এলাকার লোকদের জরুরি চলাচলের জন্য সাত-আট বছর আগে পৌরসভা মগড়া নদীর ওপর ফুটব্রিজ বা পায়ে চলা সেতুটি নির্মাণ করে। সেতুটি দুই পাড়ের লোকদের উপকারে আসে। এই সেতু নির্মাণ হওয়ায় উভয় পাড়ের লোকদের এক কিলোমিটার  পথ কমে যায়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এই সেতু দারুণ উপকারে আসে। কিন্তু বর্ষার সময় নদীর পানি সেতুর একেবারে নিচে লেগে যায়। ফলে কোনো প্রকার নৌযান আসা-যাওয়া করতে পারে না।

নাগড়াবাসী মনোরঞ্জন সরকার বলেন, এই সেতুটি নির্মাণ করায় তারা দ্রুত শহরে আসা-যাওয়া করতে পারেন। কিন্তু নৌযান চলাচল করতে পারে না। পুরান ডিসি অফিস সড়কের লাল মিয়া বলেন, সেতুটির জন্য তাদের উপকার হলেও বর্ষাকালে নৌযান চলাচল বন্ধ থাকে।

এই ব্যাপারে নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, সেতুতে উঠতে যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে দুটি মানুষ পাশাপাশি যেতে পারে না। এই সড়ক দিয়ে মোটরসাইকেলও চলতে পারে না। সেতু উঁচু করতে হলে অনেক জায়গার দরকার। যদি কোনো কারণে মোটরসাইকেল এই সড়কে ঢুকে যায় তখন একজন লোককে বাসাবাড়ির ওয়ালে চেপে দাঁড়াতে হয়। সেতু প্রশস্ত করার মতো জায়গা না থাকায় নদীর ওপর শুধু পদচারী সেতু নির্মাণ করতে হয়েছে। নতুন করে উঁচু সেতু করার মতো এখন কোনো সুযোগও নেই। তবে বিষয়টি নিয়ে আলোচনা করে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।