সাতকানিয়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:২১

সাতকানিয়ায় অবশেষে এলাকাবাসীর উদ্যোগে বিধ্বস্ত সড়ক মেরামত করা হয়েছে। উপজেলার কালিয়াইশ ইউনিয়নে কাটগড় সীমান্ত থেকে বাজালিয়া বুড়ির দোকান পর্যন্ত মুক্তিযোদ্ধা এম. ফজল করিম সড়কটি দীর্ঘদিন ধরে বিধ্বস্ত অবস্থায় পড়ে ছিল। এলাকাবাসী বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা মেরামত কাজ করে। এ সড়কের উত্তর কালিয়াইশ অংশে তিন স্থানের বিশালাকৃতির গর্ত এলাকাবাসী নিজেদের অর্থে ইট, বালি ও সুরকি দিয়ে ভরাট করে চলাচল উপযোগী করেছে। বুধবার সরেজমিনে দেখা গেছে, এলাকার লোকজন ছোট, বড় ও আবাল-বৃদ্ধ সকলে মিলে একসঙ্গে সড়ক মেরামতের কাজে লেগে গেছে। কেউ বালি ভর্তি করছে, কেউ ইট বিছানোর কাজ করছে আবার কেউ ইট ভাঙার কাজ করছে। যারা ভারি কাজ করতে অক্ষম তারা মেরামত কাজে নিয়োজিতদের পানীয় জল কিংবা নাস্তা সরবরাহ করছে। মেরামত কাজের সমন্বয়কারী প্রবাসী আমিনুল ইসলাম বলেন, দীর্ঘ কয়েক বছর এ সড়ক বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। আমাদের দুর্ভোগের সীমা ছাড়িয়ে গেছে। বহু দেন দরবার করেছি। জনপ্রতিনিধির দুয়ারে দুয়ারে বহু ধরনা দিয়ে কোনো লাভ হয়নি। অবশেষে নিজেদের কষ্ট নিজেরাই লাঘব করতে এ উদ্যোগ নিয়েছি।