লকডাউন শিথিল করার প্রথম দিনে উপজেলায় অবস্থিত ব্যাংক শাখাগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। বাজারগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখছেন না ক্রেতা-বিক্রেতারা। রাস্তাঘাটে বেড়েছে যানবাহন।
সরজমিনে মতলব বাজার, মুন্সীরহাট ও নারায়ণপুর বাজার এলাকায় দেখা যায়, কাপড়ের মার্কেট, কাঁচাবাজার, ফল মার্কেট ও ব্যাংক সর্বত্র মানুষের ভিড়। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মানুষ টাকা তুলছেন, বাজার করছেন। ক্রেতাদের মুখে মাস্ক দেখা গেলেও অধিকাংশ বিক্রেতার মুখে মাস্ক দেখা যায়নি। স্বাভাবিক সময়ের মতো ঠেলাঠেলি আর হুড়োহুড়ি করে বাজার করছেন অধিকাংশ ক্রেতা। কয়েক জন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, এরপর লকডাউন আরো কঠিন হবে। সে কারণেই তারা প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনে রাখছেন।
