নাটোরে হরিজনদের ছাঁটাইয়ের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। নাটোর পৌরসভার মাস্টাররোলে কর্মরত হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীরা এই বিক্ষোভ ও মানববন্ধন করেন। তাঁরা পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় তারা সরকারের প্রতি দাবি রাখেন, যাতে তাদের চাকরিচ্যুত না করা হয়।
উল্লেখ্য, নাটোর পৌরসভার ৮৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে ৫৩ জন মাস্টাররোলে কর্মরত। প্রজ্ঞাপনের কথা শুনেই তারা বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করেছেন। উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সব পৌরসভায় মাস্টাররোলে কর্মরত কর্মীদের ছাঁটাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
